
মেহেরপুরের গাংনীতে ৩৩টি গাঁজার গাছ ও ১’শ ৫০ গ্রাম গাঁজাসহ নাঈম ইসলাম (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (০৮ জুলাই) বিকেলের দিকে গাংনী উপজেলার সহড়াবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে নাঈমকে আটক করা হয়। আটকৃত নাঈম সহড়াবাড়ীয়া গ্রামের ছের আলীর ছেলে।
হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই আব্দুল মুবিন জানান, নাঈমের বাড়িতে মাদক রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে তার হেফাজতে থাকা ১শ’ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
একই সাথে তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ির আঙ্গিনা থেকে ৩৩ টি গাঁজা গাছ উদ্ধার করা হয়।গাঁজা ও গাঁজার গাছসহ তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, সহড়াবাড়ীয়া গ্রামে নাঈমের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৩ টি গাঁজার গাছ ও ১’শ ৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার মেহেরপুর আদালতে প্রেরণ করা হবে।
তিনি আরো জানান, মাদকের বিষয়ে কোনো ছাড় নয়, যেখানে মাদক সেখানেই অভিযান। আমরা মাদকের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছি।
মেহেরপুর সংবাদদাতা 
















