
কুষ্টিয়ার ভেড়ামারায় ফুটবল খেলাকে কেন্দ্র করে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। পরিবারের দাবি, প্রিয় দল আর্জেন্টিনার পরাজয়ের পর মানসিকভাবে ভেঙে পড়ে সুমন (৩০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার গভীর রাতে ভেড়ামারা উপজেলার ১৬ দাগ চাষীক্লাব মোড় এলাকায় নিজ শয়নকক্ষে এ ঘটনা ঘটে।
নিহত সুমন ওই এলাকার বাসিন্দা। তিনি স্ত্রী ও ৫ বছর এবং দেড় বছর বয়সী দুই শিশু সন্তান রেখে গেছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সুমন আর্জেন্টিনা ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক ছিলেন। রাতে দলের খেলা দেখার পর পরাজয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে পরিবারের সদস্যরা জানান। গভীর রাতে পরিবারের সবার অজান্তে নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দেন। সকালে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ নিচে নামানো হয়।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিশেষ করে সুমনের দুই শিশু সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে পরিবারটি অনিশ্চয়তার মুখে পড়েছে বলে স্বজনরা জানান।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
এ ঘটনার পর স্থানীয় সচেতন মহল খেলাধুলাকে শুধুই বিনোদনের মাধ্যম হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, কোনো খেলার জয়-পরাজয় বা অন্য কোনো সাময়িক ঘটনার কারণে এমন চরম সিদ্ধান্ত কখনোই কাম্য নয়। পরিবারের সদস্য, বন্ধু বা স্বজনদের মধ্যে কেউ মানসিকভাবে ভেঙে পড়লে তার পাশে দাঁড়ানো এবং প্রয়োজন হলে পেশাদার সহায়তা নেওয়া জরুরি।
শান্ত হোসেন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 














