
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিজ্ঞান চর্চা ও প্রযুক্তির বিকাশকে তৃণমূল শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে স্থানীয় তরুণদের বিজ্ঞানভিত্তিক সামাজিক সংগঠন ‘Scientific Knowledge Of Bangladesh’ (SKBD)-এর উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়ের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও বিশেষ বৈঠক সম্পন্ন হয়েছে।
২০ জুলাই সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে সংগঠনের প্রধান উপদেষ্টা ও পলাশবাড়ী উপজেলা আইসিটি অফিসার আবু জাফর, SKBD-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ সানজিদ খান এবং সংগঠনের সভাপতি শাহরিয়ার আহমেদ শুভ-সহ মোট ১১ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেন।
বৈঠককালে সংগঠনের প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর পলাশবাড়ী উপজেলার স্কুলগুলোতে বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার, তরুণদের জন্য রোবটিক্স ওয়ার্কশপ আয়োজন, কুইজ প্রতিযোগিতা এবং ক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে উপজেলার তরুণদের বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তুলতে একটি সমৃদ্ধ ‘সায়েন্স ও রোবটিক্স ল্যাব’ এবং ক্লাব ঘর প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরে একটি প্রাথমিক বাজেট ও পরিকল্পনা স্যারের নিকট উপস্থাপন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মহোদয় তরুণদের এই বিজ্ঞানমুখী ও সৃজনশীল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস ও প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে রেখে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করার এই প্রয়াসকে সাধুবাদ জানান এবং প্রশাসনের পক্ষ থেকে ক্লাব ঘর সাজানো, ল্যাব স্থাপন ও বিজ্ঞান মেলা আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের আর্থিক ও প্রশাসনিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
বৈঠক শেষে সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ সানজিদ খান বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে ইউএনও স্যার আমাদের বিজ্ঞানভিত্তিক উদ্যোগগুলোকে এগিয়ে নিতে পূর্ণ আশ্বাস দিয়েছেন। আমরা পলাশবাড়ী উপজেলার প্রতিটি শিক্ষার্থীর কাছে বিজ্ঞান ও রোবটিক্স পৌঁছে দিতে বদ্ধপরিকর।”
উক্ত বিশেষ বৈঠকে SKBD-এর কেন্দ্রীয় ও স্থানীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং সক্রিয় সদস্যরা উপস্থিত ছিলেন।
মাসুদ রানা, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি 














