
ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি পুরোনো ভবন ভাঙার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়ানুর হোসেন (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।সোমবার (২০ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে কোটচাঁদপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভাঙার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ানুর হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিদ্যালয়ের পুরোনো ভবন ভাঙার কাজে ইয়ানুর হোসেনসহ কয়েকজন নির্মাণ শ্রমিক নিয়োজিত ছিলেন। কাজ চলাকালে অসাবধানতাবশত ইয়ানুরের হাতে থাকা একটি লোহার রড পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের তারের সংস্পর্শে এলে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। দুর্ঘটনার পর সহকর্মী ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 














