
চুয়াডাঙ্গার দর্শনা থানার অভিযানে বড় শলুয়া এলাকায় তাসের জুয়ার আসর থেকে নগদ টাকা ও জুয়ার সরঞ্জামসহ তিন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে দর্শনা থানাধীন বড় শলুয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খানের নির্দেশনা এবং দর্শনা থানার অফিসার ইনচার্জের (ওসি) তত্ত্বাবধানে পুলিশের একটি বিশেষ টিম এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক-জুয়া বিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বড় শলুয়া এলাকার একটি স্থানে অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। আটকরা হলেন— বড় শলুয়া ছাপড়াপাড়ার মৃত রওশন আলীর ছেলে শহিদুল ইসলাম (৫৫), বড় শলুয়া বসতিপাড়ার রোশনাই মন্ডলের ছেলে বিটুল মন্ডল (৪০) এবং একই এলাকার মিজানুর রহমানের ছেলে মাহাবুব হোসেন (৩৫)।
অভিযানের সময় ঘটনাস্থল থেকে এক সেট তাস এবং নগদ ৮ হাজার ৫০ টাকা জব্দ করা হয়।
দর্শনা থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে দর্শনা থানার ওসি বলেন, “মাদক ও জুয়া সমাজে অপরাধ প্রবণতা বাড়ায়। দর্শনা থানা এলাকাকে অপরাধমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশের এ অভিযানে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।
নাঈম উদ্দীন, স্টাফ রিপোর্টার 



















