
ভক্তিময় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে লালমনিরহাটে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব পালিত হয়েছে। বুধবার (৩ জুন) জেলার খোচাবাড়ী সাধুটারীস্থ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্দির কমিটির উদ্যোগে এবং লালমনিরহাট পুরান বাজারের বাসনালয়ের সৌজন্যে আয়োজিত এ স্মরণোৎসবে বিপুল সংখ্যক ভক্ত ও ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বী অংশ নেন।
মন্দির কমিটির সভাপতি শ্রী রণেন্দ্র নাথ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কোষাধ্যক্ষ তাপস রঞ্জন বণিক, সম্পাদক মধুসূদন রায়সহ মন্দির কমিটির নেতৃবৃন্দ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিচালনা করেন মন্দিরের পুরোহিত শ্রী সুজন চক্রবর্তী। তিনি পূজা-অর্চনা ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
মন্দিরের সম্পাদক মধুসূদন রায় জানান, তিরোধান দিবস উপলক্ষে সকাল ৮টায় গীতা পাঠের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে পূজার্চনা, নামকীর্তন, বাল্যভোগ ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় আরতি ও কীর্তনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে বক্তারা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আদর্শ, মানবপ্রেম, ধর্মীয় মূল্যবোধ ও আধ্যাত্মিক শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণে তার দর্শন অনুসরণের আহ্বান জানান।
ভক্তদের অংশগ্রহণে পুরো মন্দির প্রাঙ্গণ ধর্মীয় আবহে মুখরিত হয়ে ওঠে। আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও তিরোধান দিবস উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি 

















