
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা (পিপিএম সেবা), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশী), চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা কমিটির আহবায়ক আসলাম হোসেন অর্ক।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চুয়াডাঙ্গা জেলার তরুণ শিক্ষার্থী ও তরুন-তরুনীদের নিয়ে জমকালো আয়োজনে বিভিন্ন ধরনের খেলাধুলা, পিঠা উৎসব, বিজ্ঞান মেলা সহ নানা আয়োজন চলবে। সকলের সহযোগিতা নিয়ে তারুণ্যের উৎসবের এই আয়োজন যেন সফল করা যায় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা বলেন, সুস্থধারার খেলাধুলা তরুণ-তরুনীদেরকে লিডারশিপ বা দক্ষ নেতৃত্ব প্রদানে সহায়তা করে। সেই দক্ষ নেতৃত্ব দিয়ে তরুণ সমাজ একটি দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে। তাই দক্ষ তরুণ সমাজকে আইনশৃঙ্খলার প্রতিও শ্রদ্ধাশীল হতে হবে। আজকের এই তারুণ্যের উৎসবের মধ্য দিয়ে সেটাই যেন প্রস্ফুটিত হয় আমি সেই আহ্বান রাখবো।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক বলেন, তরুণরা কি পারেনা? তার প্রমাণ ১৯৭১ সালে তারা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে আবার ২০২৪ এ বিপ্লব ঘটিয়ে স্বৈরাচার মুক্ত দেশ উপহার দিয়েছে।
উদ্বোধনী খেলায় আলমডাঙ্গা উপজেলার উদয়ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল ও জীবননগর উপজেলার শাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল মুখোমুখি হয়। খেলায় আলমডাঙ্গা উদায়ন বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে জয়লাভ করে শুভ সূচনা করে। বুধবার দিনব্যাপী বালক-বালিকাদের ৪টি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আজ একই মাঠে বালক বালিকা উভয় বিভাগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দিন আহমেদ ও ধারাভাষ্য প্রদান করেন সাংবাদিক ইসলাম রকিব।
বিশেষ সংবাদদাতা 






















