
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক, শিক্ষিকা ও কেয়ারটেকারসহ সকল জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১৮ মে সোমবার সকালে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পলাশবাড়ী মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ উদ্যোগে এই আয়োজন করা হয়।
শিক্ষক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শাজাহান শিকদার, কোষাধক্ষ্য সবুজ মিয়া, সদস্য হারুন অর রশিদ, মোখলেসুর রহমান, মাওলানা মতিউর রহমান,মজিদ সরকার, মোতালেব,গোলজার রহমান, মহিলা বিষয়ক সম্পাদক আনজুয়ারা বেগম প্রমুখ।
তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকার ও সংশ্লিষ্ট জনবল দীর্ঘদিন ধরে প্রান্তিক পর্যায়ে শিক্ষা বিস্তারে অবদান রেখে চলছেন। তাঁদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করে সরকারি গ্রেড অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা এখন সময়ের দাবি। শিক্ষক-শিক্ষিকাদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের প্রতি এই বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
মাসুদ রানা, পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি 


















