
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে ‘কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬’-এর প্রাথমিক ধাপের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুতফুন নাহার। কলেজের অধ্যক্ষ মো. হামিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন। এ ছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ডার মোহাম্মদ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক ও প্রশিক্ষণার্থীরা অংশ নেন। অতিথিদের মধ্যে ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সেক্রেটারি মো. রফিকুল হাসান তনু, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শামসুল আলম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম টুটুল, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল কাদের এবং উপজেলা যুবদলের সদস্য মো. কবির হোসেন।
এ ছাড়া এলাকার বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বাঘাডাঙ্গা গ্রামের জুলফিকার আলী ভট্টু, আরামডাঙ্গা গ্রামের তালেব হোসেন ও কার্পাসডাঙ্গা গ্রামের তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক লুতফুন নাহার বলেন, তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, দেশপ্রেম এবং আত্মনির্ভরশীলতা গড়ে তুলতে এ ধরনের মৌলিক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আনসার ও ভিডিপির এ প্রশিক্ষণ যুবসমাজকে দক্ষ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং জাতীয় সংকটের সময় ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করবে।
বিশেষ অতিথিরাও যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে গঠনমূলক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
কলেজের শিক্ষক ও প্রশিক্ষণার্থীদের উপস্থিতিতে শৃঙ্খলা ও দেশসেবার শপথ গ্রহণের মধ্য দিয়ে উদ্বোধনী পর্বের সমাপ্তি ঘটে।
নাঈম উদ্দীন, স্টাফ রিপোর্টার 


















