
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।
জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া আন্দোলনকারীদের এই দলটি প্রাথমিকভাবে যাচাই-বাছাই শেষে প্রার্থী ঘোষণা করেছে।
বুধবার সকাল এগারোটায় ঢাকার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেন মনোনয়ন ঘোষণা করেছেন।
দলটির শীর্ষ দুইজন নেতার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে এবং সদস্য সচিব আখতার হোসেন রংপুর-৪ আসন থেকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন।
মনোনয়ন ঘোষণার পরে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ” আমরা ক্ষমতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না। সিট কয়টা পাবো বা পাবো না এটা বিবেচনা করেও নির্বাচন করছি না।”
ঢাকা-১৮ আসনে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিকে প্রার্থী হিসেবে মনোনয়ন ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি।
দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ নোয়াখালি-৬ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন।
দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ঢাকা-১৬ আসন থেকে প্রথম জাতীয় নির্বাচনটি করতে যাচ্ছেন।
অনলাইন ডেস্ক 



















