
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী পৃথক তিনটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৯০ বোতল ভারতীয় সিরাপ, ৮ হাজার ৮৫০ পিস বিভিন্ন ধরনের ওষুধ এবং ২৪১ প্যাকেট অবৈধ কীটনাশক। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত সুরক্ষায় নিয়মিত টহলের অংশ হিসেবে মঙ্গলবার রাত ২টা ২৫ মিনিটে নিমতলা বিওপির একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। তারা সীমান্ত পিলার ৭৩/২-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার শিংনগর গ্রামের হালদারপাড়ার একটি পাকা রাস্তার পাশে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯০ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ জব্দ করে।
একই দিন সকাল ৮টার দিকে গয়েশপুর বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয়। সীমান্ত পিলার ৬৯/এমপি থেকে আনুমানিক ১০০ গজ ভেতরে গয়েশপুর গ্রামের সোনা মিয়ার ধানক্ষেতে তল্লাশি চালিয়ে ৮ হাজার ৮৫০ পিস ভারতীয় ওষুধ এবং ১৯১ প্যাকেট অবৈধ কীটনাশক উদ্ধার করা হয়।
এর আগে গত সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জীবননগর বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৬৮/এমপি থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখান থেকে পাকা রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ৫০ প্যাকেট ভারতীয় কীটনাশক জব্দ করে বিজিবি টহল দল।
বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তে সব ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের এ ধরনের ঝটিকা অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে। জব্দকৃত ভারতীয় পণ্যের বিষয়ে বিজিবির প্রচলিত নিয়ম অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নাঈম উদ্দীন, স্টাফ রিপোর্টার 


















