
“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬।
বুধবার (২৮ অক্টোবর) দিবসটি উপলক্ষে ‘নিরাপদ সড়ক চাই (নিসচা) চুয়াডাঙ্গা জেলা শাখা’র আয়োজনে একটি বর্ণাঢ্য রোড শো ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১০টার দিকে শহরের শহীদ হাসান চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এ সময় অংশগ্রহণকারীদের হাতে ট্রাফিক আইন ও সচেতনতামূলক নানা ফেস্টুন, প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শিত হয়। পরে শহরের হাসান চত্বর থেকে একটি রোড শো শুরু হয়ে কবরী রোড প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালি চলাকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নিজে গাড়িচালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক, যাত্রী ও পথচারী—সবাইকে সচেতন হতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা সম্ভব।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকী, বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জি.) লিটন বিশ্বাস এবং ট্রাফিক পুলিশের এডমিন টিআই আমিরুল ইসলাম, গণমাধ্যমকর্মীরাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার 


















