
চুয়াডাঙ্গা শহর আবারও সিসিটিভি ক্যামেরার আওতায় আসলো। দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে জেলা পুলিশ। এবার প্রথম ধাপে ৫০টি সিসিটিভি ক্যামেরা পুনঃস্থাপন করা হয়। বুধবার (০৩ জানুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গার পুলিশ সুপারের কার্যালয়ে ফিতা কেটে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান।
এরআগে তিনি সাংবাদিকদের বলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে আনতে গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যে কোনো নাশকতা এড়াতে সিসিটিভি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে পুলিশি কার্যক্রম আরও সহজ হবে।
পুলিশ সুপার আরও বলেন, শহরে পুলিশের সিসিটিভি ক্যামেরা স্থাপিত হয়েছিল। কিন্তু সেগুলোর অধিকাংশ অকেজো হয়ে পড়ে ছিলো। তাই সেসব ক্যামেরা মেরামত এবং পুনঃস্থাপর করা হয়। পর্যায়ক্রমে পুরো জেলা তথা উপজেলার শহরের গুরুত্বপূর্ণ স্থানেও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, নাজিম উদ্দিন আল আজাদ, আনিসুজ্জামান লালন, জাকিয়া সুলতানা ও ডিআই-১ আবু জিহাদ ফকরুল আলম খানসহ পুলিশের অন্য কর্মকর্তারা।
তিনি আরও বলেন, ২০১৬ সালে ১২টি সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা পুলিশের সিসি ক্যামেরা দ্বারা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে হাতে খড়ি শুরু হয়। কিন্তু নানাবিধ প্রতিকূলতার কারণে ২০১৮ সালে এগুলো অকেজো হয়ে যায়। নতুন উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে এবং যুক্ত হয়েছে রেল ও বাস স্টেশন,রেল লাইন এবং গুরুত্বপূর্ণ প্রত্যেকটা হাইওয়ে রোড। শহরের চুরি ডাকাতি নিয়ন্ত্রণসহ জনগণের জানমালের নিরাপত্তায় সিসি ক্যামেরাগুলো ২৪ ঘণ্টা সপ্তাহে সাতদিন প্রহরী হিসেবে কাজ করবে। জেলা শহরের সরকারি স্থাপনাসমূহ ও কেপিআই গুলোর নিরাপত্তা দেয়ার ক্ষেত্রে সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা শহরের পুলিশ অফিস মেইনগেট, সিভিল সার্জন বাংলো, জেলা জজ সাহেবের বাংলো, হাসান চত্বর, নিউ মার্কেটের সামনে, পৌরসভার মোড়, টাউন ফুটবল মাঠ এলাকা, একাডেমি মোড় ও আশপাশে এলাকা, রেলগেট রেলবাজার, রেলস্টেশন, মাছ বাজার আড়ৎ এলাকা, টিএ্যান্ডটি মোড়, সরকারি কলেজ মোড়, হসপিটাল রোড, ইমারজেন্সি রোড, প্রেসক্লাব মোড়, ডিসি অফিসের সামনে, জীবন নগর বাসস্ট্যান্ড, কেদারগঞ্জ বাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে সর্বমোট ৫০ (পঞ্চাশ)টি হাই রেজুলেশন সিসি ক্যামেরা স্থাপন করা হয়। সিসি ক্যামেরা গুলি পুলিশ সুপারের কার্যালয় থেকে সর্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি 



















