
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের গয়েশপুরে মুজিব বর্ষে নির্মিত আশ্রয়ন প্রকল্প ঘরের বাসিন্দাদের একমাত্র চলাচলের রাস্তাটি চলমান অতি ভারী বর্ষণে জলাবদ্ধতা হয়ে দুর্ভোগের সৃষ্টি হয়েছিল। তা নিরসনে তাৎক্ষণিক পানি নিষ্কাশনের ব্যবস্থা ও স্থায়ীভাবে সমাধানের আশ্বাস প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সরজমিনে তিনি পরিদর্শন করে জলাবদ্ধতা নিরসন করেন।
জানা গেছে, উপজেলার জুড়ানপুর ইউনিয়নের গয়েশপুর মৌজা এলাকায় ভূমিহীনদের পুনর্বাসনের জন্য গত বছরের জুন মাসে মুজিব বর্ষে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করে সরকার। ওই জমিতে দামুড়হুদা উপজেলা প্রশাসন ৮ জন উপকারভোগী দরিদ্র পরিবারের প্রত্যেককে ২ শতাংশ জমি ও পাকা ঘর নির্মাণ করে দেয়। তবে এই ঘরগুলোর যাওয়া আসা করার রাস্তা সামান্য বৃষ্টির সময়েও চলাচলের অনুপযোগী হয়ে পরে। আশ্রয়ণ প্রকল্পের ৮টি ঘরের চলাচলের একমাত্র রাস্তায় প্রায় তিন ফুট পানি উঠেছে। এতে ঘরের উপকার ভোগীদের চলাচল ও বিশেষ করে ছোট ছেলে মেয়েরা স্কুলে যাওয়া আসা নিয়ে অসুবিধা হচ্ছিল। সংবাদ পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিক পানি নিষ্কাশন এর ব্যবস্থা করেন এবং বৃষ্টি কমে গেলে সেখানে মাটি ভরাট করে স্থায়ী একটা ব্যবস্থা করা হবে বলে জানান। দিনভর তিনি উপজেলার বিভিন্ন স্থানের জলাবদ্ধতা নিরসনে ছুটে গিয়েছেন। জলাবদ্ধতার সংবাদ পেয়ে উপজেলার হাউলী, হেমায়েতপুর, জুড়ানপুর, পুড়াপাড়ায় সরজমিনে পরিদর্শন করেন। এসময় তিনি জলবদ্ধতা নিরসনে স্যালো ইঞ্জিন বসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাস।
প্রতিনিধির নাম 



















