
বিশেষ প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শাখার ইসলামী ব্যাংকে থেকে টাকা নিয়ে পালিয়ে যাবার অভিযোগে উজ্জল হোসেন (২৮) এক যুবককে পাকড়াও করেছে ব্যাংক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে ওই যুবক ইসলামী ব্যাংকে ঢুকে কৌশলে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাবার সময় কর্তৃপক্ষ তাকে ধরে টাকা উদ্ধার করে। পরে, থানা পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা হয়েছে।
আটকৃত ওই ছিনতাইকারী যুবক দামুড়হুদা উপজেলার দর্শনা থানার দুধপাতিলা গ্রামের নুরু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩ চুরি ও ১টি মাদক মাদক মামলা রয়েছে।
ব্যাংক ম্যানেজার অপারেশন্স মোমিনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে আলমডাঙ্গা ইসলামী ব্যাংকের শাখায় ওই যুবক প্রবেশ করে। সে সুযোগ বুঝে ক্যাশ ইনচার্জের রুমে প্রবেশ করে। কাউন্টারের টেবিলে থাকা এক হাজার টাকার নোট সম্বলিত দশ বান্ডিল টাকা নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। এসময় সহকারী ক্যাশ ইনচার্জ কায়সার আলম বাঁধা দিতে গেলে তাকে ধাক্কা দেয়। তার চিৎকারে ব্যাংকে উপস্থিত কর্মরত অফিসার ও গ্রাহকেরা ওই ছিনতাইকারীকে আটক করে পুলিশে তুলে দেয়। এসময় ছিনতাইকারীর নিকট থেকে উদ্ধারকৃত দশ লাখ টাকা ব্যাংকের ম্যানেজার আব্দুল ওয়াদুদ ব্যাংকের ক্যাশ ইনচার্জকে বুঝিয়ে দেন। পরে তাকে থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনায় ব্যাংকের ম্যানেজার (অপারেশন্স) মোমিনুল ইসলাম বাদি হয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন।
ইসলামী ব্যাংকের ম্যানেজার আব্দুল ওয়াদুদ বলেন, ছিনতাইকারী ওই যুবক গত ২ অক্টোবরসহ বিভিন্ন সময় চুরি ও ছিনতায়ের জন্য যাতায়াত করতো। সুযোগ বুঝে সে আজ টাকা নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে।
আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল ইসলাম জানান, ব্যাংকে ছিনতায়ের ঘটনায় মামলা হয়েছে। ওই যুবক পুলিশের হেফাজতে রয়েছে। শুক্রবার চুয়াডাঙ্গা কোর্টে পাঠানো হবে।
প্রতিনিধির নাম 



















