
চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে সদ্য বদলিকৃত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।
অনুষ্ঠানে পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের পেশাগত দক্ষতা, সততা, দায়িত্বনিষ্ঠা ও মানবিক নেতৃত্বের প্রশংসা করেন। তিনি তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।
জানা যায়, মো. মোস্তাফিজুর রহমান ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের নিরবচ্ছিন্ন সেবাদানে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার পরিচয় দেন। সম্প্রতি তিনি জেলা পুলিশ, নড়াইলে বদলির আদেশ পান।
অনুষ্ঠানে পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তার হাতে স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন। এ সময় মো. মোস্তাফিজুর রহমান চুয়াডাঙ্গা জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের সহযোগিতা এবং আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি চুয়াডাঙ্গায় দায়িত্ব পালনকালের বিভিন্ন স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার 





















