
আজ শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে “বিশ্ব খাল” খনন কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিন ধরে ভরাট হয়ে যাওয়া খালটি পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি ব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের নদী-নালা, খাল-বিল রক্ষা এবং পুনরুদ্ধারে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন ও টেকসই পরিবেশ নিশ্চিত করতে খাল পুনঃখনন কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। খাল খনন কার্যক্রমকে কেন্দ্র করে এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়।স্থানীয়রা জানান, খালটি পুনঃখনন হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং কৃষিকাজে সেচ সুবিধা বৃদ্ধি পাবে। পাশাপাশি মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায়ও ইতিবাচক প্রভাব পড়বে।
চাঁদপুর প্রতিনিধি 


















