
মেহেরপুর জেলার গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের রাসেল মিয়ার বাড়িতে রাসেলস ভাইপার আতংকে মারা হলো একটি কালাচ বা শিয়র চাদা সাপ। শনিবার (২২ জুন) রাতে সাপটিকে আটক করার পর সেটিকে মেরে ফেলা হয়। শুধু চাঁদপুর নয়, সারা উপজেলাতে রাসেল ভাইপার আতংক বিরাজ করছে। তবে প্রকৃত রাসেল ভাইপারের দেখা মেলেনি কোথাও।
রাসেল মিয়া জানান, তিনি শনিবার রাত সাড়ে ৮টার দিকে হেমায়েতপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। মোটর সাইকেলের আলোয় বাড়ির সিঁড়িতে একটি সাপ দেখতে পান। এটিকে রাসেলস ভাইপার মনে করে চিৎকার দেন। বাড়ির লোকজন ও প্রতিবেশিরা ছুটে এসে কৌশলে সাপটিকে একটি কৌটায় আটক করে। গ্রামের লোকজন ও প্রবীণ ব্যক্তিরা সাপটিকে শিয়র চাদা সাপ বলে চিহ্নিত করেন ও মেরে ফেলেন।
হেমায়েতপুর বাজারের ওষুধ ব্যবসায়ী রাজন জানান, রাসেলস ভাইপার ধরা পড়ার খবর পেয়ে তিনি সাপটি দেখতে চাঁদপুর গ্রামের রাসেল মিয়ার বাড়িতে আসেন। সেখানে দেখতে পাওয়া যায় কালাচ বা শিয়র চাদা সাপ। যার ইংরেজী নাম কমন ক্রেট জাতের সাপ। এ সাপটিও বিষধর। তাই সাপটিকে স্থানীয় লোকজন একটি কৌটায় রেখে মেরে ফেলে। তবে সোস্যাল মিডিয়ায় রাসেলস ভাইপার আতংক নিয়ে ব্যাপক প্রচারণার ফলে এলাকার মানুষের মাঝে আতংক বিরাজ করছে। একই কথা জানালেন গ্রাসের ডিস ব্যবসায়ী আব্দুর রব ও ঠান্ডু ডাক্তার।
মেহেরপুর সংবাদদাতা 



















