
যে নাতিকে ঘিরে ছিল পারিবারিক মমতা ও বিশ্বাস, সেই নাতির বিরুদ্ধেই উঠেছে নানিকে নৃশংসভাবে হত্যার অভিযোগ। অনলাইন জুয়ার নেশায় অর্থ হারিয়ে ঋণের চাপ সামলাতে শেষ পর্যন্ত নিজের ৬৫ বছর বয়সী নানি লুৎফুন্নাহারকে হত্যার পরিকল্পনা করে ১৬ বছর বয়সী কিশোর সিয়াম প্রধানীয়া—এমনটাই জানিয়েছে পুলিশ। চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকায় নিজ বাসায় হাত-পা বেঁধে গলা কেটে বৃদ্ধাকে হত্যার এই চাঞ্চল্যকর ঘটনায় মাত্র ৪২ ঘণ্টার মধ্যে তদন্তের সূত্র ধরে অভিযুক্ত নাতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুধু গ্রেপ্তারই নয়, তার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ছুরি এবং নিহতের লুণ্ঠিত স্বর্ণালংকার। একটি পারিবারিক বিশ্বাসের সম্পর্ক কীভাবে ভয়াবহ হত্যাকাণ্ডে রূপ নিতে পারে, সেই নির্মম চিত্রই উঠে এসেছে পুলিশের তদন্তে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় প্রেস ব্রিফিংয়ে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও গ্রেপ্তারের বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর।
পুলিশ জানায়, গ্রেপ্তার সিয়াম মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে নিহতের তৃতীয় মেয়ে জান্নাত বেগমের বড় ছেলে। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নুরুল্লাহপুর গ্রামে। তার বাবা মো. হোসেন প্রধানিয়া।
তদন্তে জানা যায়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডের জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার একটি কক্ষে লুৎফুন্নাহারকে হাত-পা বেঁধে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। চলতি মাসের ১ তারিখ থেকে তিনি ওই ভবনের একটি ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন। এ ঘটনায় নিহতের চতুর্থ মেয়ে নাহিদা আক্তার বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে পুলিশ। তথ্যপ্রযুক্তির বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও বিভিন্ন সূত্রের সমন্বয়ে তদন্তের একপর্যায়ে নিহতের নাতি সিয়ামের সংশ্লিষ্টতা শনাক্ত হয়। পরে রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের জোড়পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে সিয়াম জানায়, অনলাইন জুয়া খেলতে গিয়ে সে বিপুল পরিমাণ অর্থ হারিয়েছিল। সেই অর্থ পরিশোধের জন্য নানিকে হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন নানির বাসায় গিয়ে তাঁর হাত-মুখ বেঁধে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। পরে গলার স্বর্ণের চেইন, আংটি, কানের দুল ও মোবাইল ফোন নিয়ে সেখান থেকে চলে যায়।
তদন্তের গুরুত্বপূর্ণ অগ্রগতি আসে অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে। পুলিশ জানায়, নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার টয়লেটের পাইপ থেকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। পাশাপাশি তার গ্রামের বাড়ির শয়নকক্ষের স্টিলের আলমারির নিচ থেকে উদ্ধার করা হয় নিহতের স্বর্ণের চেইন, আংটি ও এক জোড়া কানের দুল।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাদিয়া নূর জানান, গ্রেপ্তার সিয়ামকে আদালতে সোপর্দ করা হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
অনলাইন ডেস্ক 






















