
সীমান্ত নিরাপত্তা জোরদার, অবৈধভাবে পুশ ইন প্রতিরোধ, মাদক ও চোরাচালান নির্মূল এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় দর্শনা আন্তর্জাতিক সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এ সভার আয়োজন করে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসানের সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জনাব মেহেদী শাহরিয়ার।
সভায় বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ পুশ ইন প্রতিরোধে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবিকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করা এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি স্থানীয়দের মতামত ও পরামর্শ শোনেন এবং সীমান্তে পুশ ইন, মাদক ও চোরাচালান রোধে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সম্মানিত অতিথির বক্তব্যে পুলিশ সুপার জনাব মেহেদী শাহরিয়ার বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, বরং একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে বিপর্যস্ত করে। মাদক ও চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা ও সচেতনতা জরুরি।

সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্য প্রবেশ এবং দেশের অভ্যন্তরে মাদক সরবরাহ বন্ধে বিজিবি ও পুলিশের পারস্পরিক সমন্বয় আরও জোরদার করার কথা উল্লেখ করে তিনি মাদক কারবারি ও চোরাচালানকারীদের বিষয়ে তথ্য দিয়ে সহায়তা করতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও তিনি জোর দেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ৬ বিজিবির সহকারী পরিচালক জনাব মোহাম্মদ রাজ মাহমুদ, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ ইসমাইল হোসেনসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।
নাঈম উদ্দীন, স্টাফ রিপোর্টার 


















