
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় একটি বাড়ির দেয়ালের সঙ্গে ভ্যানের ধাক্কায় ইন্তাজ আলী (৫২) নামে এক চালক নিহত হয়েছেন। আজ রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার ভাংবাড়ীয়া ফেরিঘাটপাড়ার বকুলের বাড়ির সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ইন্তাজ আলী কুষ্টিয়ার মিরপুর উপজেলার বড়বাড়িয়া গ্রামের মৃত দবির সাধুর মেজো ছেলে এবং দুই সন্তানের জনক ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রোববার সকাল ১০টার দিকে জীবিকার তাগিদে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন ইন্তাজ আলী।
ভাংবাড়ীয়া-বামানগর সেতুর দিক থেকে ভাংবাড়ীয়া বাজারের দিকে যাওয়ার পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর ভ্যানটি একটি বাড়ির দেওয়ালে ধাক্কা খায়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে মাটিতে পড়ে যান। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে মাথায় পানি ঢাললেও কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।
ঘটনার পর স্থানীয়দের ধারণা, দেয়ালে ধাক্কা লাগার আগেই তিনি স্ট্রোক করে থাকতে পারেন। যদিও তাঁর শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবুও মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের সদস্যরা জানান, ইন্তাজ আলী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন; কিন্তু সংসারের প্রয়োজনে অসুস্থতা নিয়েই তাঁকে ভ্যান চালাতে হতো।
এ বিষয়ে হাটবোয়ালিয়া ক্যাম্প ইনচার্জ এসআই মনির জানান, এটি একটি দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
নাঈম উদ্দীন, স্টাফ রিপোর্টার 



















