
বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা শাখার আমির হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন। এর মাধ্যমে তিনি টানা তৃতীয়বারের মতো এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বভার গ্রহণ করলেন।
৬ নভেম্বর (শুক্রবার) বেলা ১১টায় চুয়াডাঙ্গার বেগনগরস্থ জেলা কার্যালয়ে এক উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে এই শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত জেলা আমিরকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোড় মোবারক হোসাইন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। এছাড়া জেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
শপথগ্রহণ শেষে মো. রুহুল আমিন উপস্থিত সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, মহান আল্লাহ তায়ালা যেন তাকে পরম ধৈর্য, সঠিক প্রজ্ঞা ও সততার সাথে এই পবিত্র দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। নবনির্বাচিত আমিরকে জেলার বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
উপস্থিত কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, তার গতিশীল ও যোগ্য নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলায় জামায়াতের সাংগঠনিক কার্যক্রম আরও সফলতা অর্জন করতে সক্ষম হবে।
নাঈম উদ্দীন, স্টাফ রিপোর্টার 
















