
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)–এর পৃথক দুটি বিশেষ অভিযানে ৪৭ কেজি ভারতীয় জিরা ও একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব মালামালের সিজার মূল্য ৫২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি এসব তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে শিমুলবাড়ী ও শিংঝাড় বিওপির টহলদল পৃথক দুটি অভিযান পরিচালনা করে।
এর মধ্যে সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে শিমুলবাড়ী বিওপির আওতাধীন কুড়িগ্রামের ফুলবাড়ী থানার জুম্মারপাড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে মালামাল নিয়ে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। তারা মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২০ কেজি ভারতীয় জিরা ও একটি বাইসাইকেল জব্দ করা হয়।
অন্যদিকে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৫৫ মিনিটে শিংঝাড় বিওপির আওতাধীন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার আমবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানেও বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ২৭ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
বিজিবির তথ্যমতে, দুই অভিযানে জব্দ করা ৪৭ কেজি ভারতীয় জিরার সিজার মূল্য ৪৭ হাজার টাকা এবং বাইসাইকেলটির মূল্য ৫ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মোট সিজার মূল্য ৫২ হাজার টাকা।
চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার এবং অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট 






















