
চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনকে ২ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দেলোয়ার হোসেন (৫৫) আলমডাঙ্গা উপজেলার হাপানিয়া উত্তরপাড়ার ইসমাইল হোসেনের ছেলে।
শনিবার রাতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় ও ঢাকা হেডকোয়ার্টারের একটি বিশেষ যৌথ দল শনিবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের বাসটি থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে দেলোয়ার হোসেনের কাছ থেকে ২ হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম এবং ঢাকা হেডকোয়ার্টারের সহকারী পরিচালক মাহামুদ হাসান সাদিক।
এ ঘটনায় দেলোয়ার হোসেনের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টার 


















