
চুয়াডাঙ্গার দর্শনায় সরকারবিরোধী ষড়যন্ত্র ও অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠনের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে দর্শনা থানা পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো: তছিম উদ্দিন (৩৭)। তিনি দর্শনা থানাধীন সদাবরী (হাইস্কুলপাড়া) গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের দিকনির্দেশনা ও দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নজরুল ইসলামের নেতৃত্বে এসআই মোল্যা আরিফুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তছিম উদ্দিনকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত তছিম এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি, গোপন মিছিল এবং নিষিদ্ধ সংগঠনের সমর্থনে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। সমমনা কিছু দুষ্কৃতকারীকে সংগঠিত করে এলাকা অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছিলেন তিনি।
দর্শনা থানার ওসি জানান, এলাকার মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার 
















