
চুয়াডাঙ্গায় কবিরাজ আব্দুর রাজ্জাক ওরফে রাজাই হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে মূল আসামী রুবেল মিয়া ও সহযোগী সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে জেলার পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান প্রেসব্রিফিংয়ে এমনটিই জানিয়েছেন। গ্রেপ্তারকৃতরা হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, সদর উপজেলার সুবদিয়া গ্রামের আব্দুর সেলিমের ছেলে রুবেল মিয়া (২৩) ও মো. আনিসের ছেলে সোহেল রানা (২০)।
এ ঘটনায় ব্যবহৃত ধারালো চাকু . মোটরসাইকেল ও ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার জানান, ভিকটিম আব্দুর রাজ্জাক কবিরাজি করে মানুষের বিভিন্ন ধরণের চিকিৎসা প্রদান করতেন। আসামী রুবেল মিয়া ও তার স্ত্রী শারীরিক চিকিৎসার জন্য ভিকটিম আব্দুর রাজ্জাকের স্মরণাপন্ন হলে গত ৩১ মে সন্ধ্যায ভিকটিম আব্দুর রাজ্জাক জ¦ীনের মাধ্যমে চিকিৎসা দেওয়ার কথা বলে আসামী রুবেল ও তার স্ত্রীকে সদর থানার হোগলডাঙ্গা গ্রামের নবগঙ্গা ব্রীজের সন্নিকটে পান বরজের কাছে নির্জন জায়গায় নিয়ে যায় এবং আসামীকে সিগারেট আনতে দোকানে পাঠায়। কিছুক্ষণ পরে আসামী রুবেল পানবরজের এসে ভিকটিম রাজ্জাক ও তার স্ত্রীকে খুজে না পেয়ে আসামীর স্ত্রীর মোবাইলে কল দিলে বন্ধ পায়। খোঁজাখুজির একপর্যায়ে আনুমানিক ৩৫/৪০ মিনিট পরে ভিকটিম ও আসামীর স্ত্রী পানবরজের নিকট ফিরে এসে তার স্ত্রীকে দেখে খারাপ কোন কাজ করেছে বলে সন্দেহ পোষন করে। পরবর্তীতে আসামী বাড়িতে এসে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলে তার স্ত্রী কান্নকাটির একপর্যায়ে স্বীকার করে ভিকটিম আব্দুর রাজ্জাক কবিরাজ চিকিৎসার দেওয়ার নামে সম্ভ্রমহানি করেছে। পরবর্তীতে একই দিন রাতে আসামী রুবেল তার সহযোগী সোহেল রানাকে সাথে নিয়ে কৌশলে ডেকে নিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে ধারালো ছুরি দিয়ে ভিকটিম আব্দুর রাজ্জাকের গলায় পোচ দিয়ে মোটরসাইকেল থেকে রাস্তায় ফেলে দেয়।
প্রেসব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) নাজিম উদ্দিন আল আজাদ , সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা , গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আবু জিহাদ ফরুরলি আলম খান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী উপস্থিত ছিলেন।
গত ১ জুন সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার পীরতলার ভান্ডারদহ মাঠে সুবদিয়া গ্রামের কবিরাজ আব্দুর রাজ্জাকের লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ।
বিশেষ সংবাদদাতা 



















