
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালি বাজারে পানের বরজে ব্যবহারে বিক্রির জন্য মজুত করে রাখা পাটকাঠির গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় দেড় কোটি টাকার পাটকাটি ভষ্মীভূত হয়েছে বলে ভূক্তভোগীরা জানান। খবর পেয়ে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আলমডাঙ্গার আসমানখালি বাজার এলাকায় পাটকাটি ব্যবসায়ীরা গত ১ মাস ধরে আগে বিভিন্ন গ্রাম থেকে পাটকাঠি কিনে এনে গাদা করে সংরক্ষণ করেন। এসব পাটকাটি আলমডাঙ্গা উপজেলা ও পাশ্ববর্তী গাংনী থানাধীন পান বোরজ চাষীদের নিকট বিক্রি করা হতো। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ ওইসব পাটকাটি গাদায় আগুন লেগে যায়। আগুনে কয়েক ব্যবসায়ীর প্রায় দেড় কোটি টাকার পাটকাটি ভন্মিভূত হয়।
পাটকাটি ব্যবসায়ী ফারুক হোসেন জানান, আসমানখালি বাজার এলাকায় প্রায় ৫০ লাখ টাকার উর্ধে গাদা করে রাখা পাটকাঠিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ১ ঘণ্টায় পাটকাঠিগুলো পুড়ে ছাই হয়ে যায়।
ফাঁড়িপুলিশের উপ-পরিদর্শক (এসআই) নওশেদ আহমেদ জানান, বেলা সাড়ে ১২টার দিকে পাটকাঠির গাদায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পুলিশের পক্ষ থেকেও আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘন্টাব্যাপী তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাজারে গাদা করে রাখা ৮-১০ জনের প্রায় দেড় কোটি টাকা পাটকাঠি পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
চুয়াডাঙ্গা ফায়ার ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী কর্মকর্তা রফিকুজ্জামান জানান, চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার দু’টি করে মোট চারটি ইউনিট কাজ করছে। এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিক এখন বলা সম্ভব হচ্ছে না।
সংবাদ পেয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আনিসুজ্জামান লালন ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিজস্ব সংবাদদাতা 




















