
মোবাইল কিনে না দেওয়ায় চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার অন্তর্ভুক্ত তিতুদহ ইউনিয়নের ৬৩নং আড়িয়ায় মায়ের উপর অভিমান করে ঐশী সাধু খাঁ (১৪) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। ঐশী সাধু খাঁ তিতুদহ ইউনিয়নের ৬৩ নং আড়িয়া গ্রামের গিরিশনগর বাজার সংলগ্ন হিন্দু পাড়ার দীনুবন্ধু সাধু খাঁর মেয়ে এবং তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।
স্থানীয় সুত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ৬৩নং আড়িয়া গ্রামের হিন্দু পাড়ার দীনু বন্ধু সাধু খাঁর মেয়ে ঐশী সাধু খাঁ গত ২৭ ডিসেম্বর মোবাইল কিনে না দেওয়ায় মায়ের উপর অভিমান করে বাড়ির সকলের অজান্তে ঘাস মারা বিষ পান করে। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তার শারীরিক অবস্থার উন্নতি না হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তারপর পরিবারের লোকজন তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে নিজ বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে অবস্থানকালে শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মৃত্যু বরণ করেন।
এ বিষয়ে নিহত ঐশী সাধু খাঁ’র বাবা দীনু বন্ধু সাধু খাঁ’র সাথে কথা বললে তিনি জানান, আমার বড় মেয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজে লেখাপড়া করে। কিছু দিন আগে তাকে একটি মোবাইল কিনে দিই। ঐশীও একটি মোবাইল কিনে দেওয়ার কথা বলে কিন্তু আর্থিক সমস্যার কারণে তাকে মোবাইল কিনে দিতে পারিনি। সেই অভিমানে গত ২৭ ডিসেম্বর বাড়ির সকলের অজান্তে ঘাস মারা বিষ পান করে। টের পেয়ে আমরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করি। সেখানে তার শারীরিক অবস্থার উন্নতি না হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা চিন্তা করি কিন্তু টাকা পয়সা যোগাড় না থাকায় তাৎক্ষণিক রাজশাহী নিয়ে যেতে পারিনি। পরে আমরা তাকে বাড়িতে নিয়ে আসি। গতকাল সকালে বাড়িতেই সে মৃত্যু বরণ করে।
এ ঘটনায় দর্শনা থানার ওসি (তদন্ত) নীরব হোসেন এবং তিতুদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই পলাশ পারভেজ ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মৃতের লাশ দাফনের অনুমতি দেয় পুলিশ।
ভ্রাম্যমাণ প্রতিনিধি 



















