
বাংলাদেশ সাংবাদিক সমিতি, চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক হুসাইন মালিক ও তাঁর পরিবারের সদস্যদের বহনকারী প্রাইভেটকার ভাঙচুরের ঘটনায় জরুরি সভা করেছে চুয়াডাঙ্গা প্রেসক্লাব। পাশাপাশি ঘটনার তদন্তে মাঠে নেমেছে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্ত শেষে দ্রুত প্রতিবেদন দেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপনের সভাপতিত্বে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি। এতে কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে সাংবাদিক নেতারা হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন। শনিবার দুপুরে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের দৌলতদিয়াড় এলাকায় বঙ্গজ লিমিটেডের কাছাকাছি স্থানে তাঁরা যান। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিক নেতারা ঘটনাস্থলের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন এবং ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করেন।
ঘটনাস্থল পরিদর্শনকারীদের মধ্যে ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি রাজীব হাসান কচি, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিয়ার রহমান এবং চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানাসহ পুলিশের সদস্যরা।
জরুরি সভা ও ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন বলেন, সাংবাদিক হুসাইন মালিক ও তাঁর পরিবারের সদস্যদের বহনকারী গাড়ি ভাঙচুরের ঘটনায় প্রেসক্লাব জরুরি সভা করেছে। পরে সাংবাদিক নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ ও ডিবির দুটি দল আন্তরিকতার সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে।
তিনি আরও বলেন, পুলিশ দ্রুত তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা জানিয়েছে। তদন্তের স্বার্থে পুলিশকে কিছুটা সময় দিতে চায় প্রেসক্লাব। আপাতত প্রেসক্লাবের পক্ষ থেকে কোনো কর্মসূচি নেওয়া হচ্ছে না। প্রয়োজনে পরবর্তী সময়ে কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিয়ার রহমান ও চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা জানান, ঘটনার তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। দ্রুত তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।
উল্লেখ্য, গত শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে প্রাইভেটকারে বাড়ি ফিরছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক হুসাইন মালিক। চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের দৌলতদিয়াড় এলাকায় বঙ্গজ লিমিটেডের সামনে পৌঁছালে তাঁর ব্যবহৃত গাড়িটি ভাঙচুরের শিকার হয়। এ ঘটনায় পরে চুয়াডাঙ্গা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
স্টাফ রিপোর্টার 



















