
চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুই নেতা এবং আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত চার আসামিসহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) গভীর রাত থেকে ভোর পর্যন্ত দর্শনা থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাজারপাড়ার কালু মন্ডলের ছেলে ও উথলী ইউনিয়ন যুবলীগের সভাপতি ঝনু ওরফে রিন্টু আহম্মেদ (৩৭), একই উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিপুর দক্ষিণপাড়ার মতিয়ার রহমানের ছেলে ও ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রাজু হাসান (৩৪)। এ ছাড়া জিআর ও সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেফতার হয়েছেন দর্শনা পৌরসভার রামনগর কালিদাশপুরের চাঁন মিয়ার ছেলে সম্রাট ইসলাম বাঁধন (১৯), একই পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের সানিরুল ইসলামের ছেলে রাশেদ (৩০), শ্যামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মানিক (২৬) এবং দর্শনার ঘুঘুডাঙ্গা গ্রামের দেলোয়ারের ছেলে সুমন আহম্মেদ।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেনের নেতৃত্বে থানার এসআই শেখ শাহীদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দর্শনা থানা এলাকায় এই অভিযান চালান। অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ওই দুই নেতার পাশাপাশি বিভিন্ন মামলার চারজন পরোয়ানাভুক্ত আসামিকে আটক করা হয়।
পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত ছয়জনকে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
দর্শনা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 



















