
চুয়াডাঙ্গা সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ভাতাভুক্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) আয়োজিত সভায় সদস্যদের দায়িত্ব পালন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আসন্ন নির্বাচন সামনে রেখে প্রস্তুতি গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আবিদুল হাসান শিমুল এবং উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষিকা তানিয়া ফেরদৌস। এ সময় ভাতাভুক্ত আনসার ও ভিডিপি সদস্য এবং ইউনিয়ন দলনেতা ও দলনেত্রীরা উপস্থিত ছিলেন।
সভায় বিগত দুর্গাপূজায় দায়িত্ব পালনকালে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা চিহ্নিত করে সংশোধন, দায়িত্ব পালনের অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া আসন্ন নির্বাচনগুলো সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সদস্যদের আগাম প্রস্তুতি গ্রহণ, দায়িত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন এবং সততা, নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় সঞ্জীবন প্লাটুন, শেয়ার প্রোফাইল হালনাগাদ, ক্লাব-সমিতির কার্যক্রম এবং আসন্ন কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ নিয়েও আলোচনা হয়। এ সময় সদস্যদের ফেস অ্যাটেনডেন্স নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়।
সভায় সদস্যদের মধ্যে পারস্পরিক সমন্বয়, সচেতনতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতের দায়িত্ব পালনে আরও আন্তরিক ও প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।
স্টাফ রিপোর্টার 


















