
নূরনগর কলোনি পাড়ায় আজ অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য ও প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ, যা স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে সৃষ্টি করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। খেলায় অংশ নেয় দুই শক্তিশালী দল—অল স্টার ক্লাব ও জনকল্যাণ পরিষদ। টানটান উত্তেজনা ও দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে জনকল্যাণ পরিষদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলাটির সার্বিক আয়োজন করে অল স্টার ক্লাব। ক্লাবটির প্রতিষ্ঠাতা এম এইচ মোস্তফা’র দক্ষ নেতৃত্ব, সুপরিকল্পনা ও আন্তরিক প্রচেষ্টায় পুরো আয়োজনটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ওমর ফারুক, যিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে ম্যাচ পরিচালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুয়েলভ পাওয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সাব্বির আহমেদ সবুজ। এছাড়াও নান্টু, আলাউদ্দিন, সানোয়ার, লুকমান, সিরাজুল ও শিপলুসহ এলাকার সম্মানিত ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আয়োজনকে আরও মর্যাদাপূর্ণ করে তোলেন।
এদিকে জনকল্যাণ পরিষদের সভাপতি মনিরুজ্জামান বাবুসহ আজিম ,আজাদ, জাহিদ, সোলাইমান, ইয়ার আলী, দুখু, তোতা, রানা এবং বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। দর্শকদের সরব উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে।
সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুস্থ বিনোদন ও ইতিবাচক উদ্যোগের মাধ্যমে একটি সুন্দর, সচেতন ও আদর্শ সমাজ গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।
স্টাফ রিপোর্টার 






















