
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের আদমকুড়ি মাঠের ভুট্টো ক্ষেত থেকে আলমগীর নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ মে) সকাল ১০ টার দিকে লাশ উদ্ধার করে সুরতহল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
আলমগীর হোসেন সদর উপজেলার কুতুবপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত শামসুল মন্ডলের ছেলে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদুর রহমান জানান, রোববার (১১ মে) দুপুরে আলমগীর খড়ি নেওয়ার জন্য মাঠে যায়। এরপর পরিবারের সদস্যরা তাকে খুঁজে পাচ্ছিল না। মঙ্গলবার সকালে গ্রামের কৃষকরা মাঠে কাজ করতে গেলে একটি মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে আলমগীরের স্বজনরা লাশ শনাক্ত করে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর স্বাভাবিক মৃত্যু না হত্যা জানা যাবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।
বিশেষ প্রতিনিধি 
















