
আলোচিত তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. ইরফান খানের আবেদনের প্রেক্ষিতে তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
চব্বিশের গণ-অভ্যুত্থানের পর দীর্ঘ কারাভোগ শেষে মুক্তি পান তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম। মুক্তির পরপরই তিনি আড়ালে চলে যান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তার অবস্থান শনাক্ত করতে পারেনি। তবে ওই সময় জামিনে মুক্তি পাওয়া ৬ শীর্ষ সন্ত্রাসীর খোঁজখবর রাখছিলেন পুলিশ ও গোয়েন্দারা। বিভিন্ন ঘটনার তদন্তে আসলামের নাম আসার পরপরই ফের তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। কিন্তু তার অবস্থান শনাক্ত করা যায়নি। পরে সুইডেন আসলামের সকল তথ্য ইমিগ্রেশন পুুলিশের কাছে দিয়ে রাখেন তদন্ত সংশ্লিষ্টরা। রোববার রাতে থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে গ্রেপ্তার হন তিনি।
ইমিগ্রেশন ও গোয়েন্দা পুলিশের সূত্র বলছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডে যাওয়ার জন্য বিমানবন্দরে যান সুইডেন আসলাম। সেখান থেকে ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করে ডিবিতে হস্তান্তর করে। আটকের পর তাকে রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন (৫৫) হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. ইরফান খান তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসমাঈল হোসেনের আদালত তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন বিকাল সাড়ে ৪টার দিকে আদালতে আনা হয় সুইডেন আসলামকে। বিকাল পৌনে ৫টার দিকে তাকে কড়া পুলিশি নিরাপত্তায় এজলাসে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে রিমান্ডে চাওয়ার কারণ তুলে ধরেন। রাষ্ট্রপক্ষে এডভোকেট শামসুদ্দোহা সুমন আসামিকে রিমান্ডে নেয়ার যৌক্তিকতা তুলে ধরেন। আসামির পক্ষে এডভোকেট মো. মাহবুবুল আলম রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে রিমান্ডের আদেশ দেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন বলেন, ভোর রাতে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী এসএম আসলাম হোসেন ওরফে ‘সুইডেন আসলাম’কে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ ও একাধিক মামলা রয়েছে। চলতি বছর রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘটিত টিটন হত্যাকাণ্ড মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
১৯৯৭ সালের ২৩শে মার্চ যুবলীগ নেতা গালিব হত্যার পর আওয়ামী লীগ সরকারের আমলে একই বছরের ২৬শে মে গ্রেপ্তার হন সুইডেন আসলাম। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৪ঠা সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পান।
মানবজমিন 


















