
ভোলার চরফ্যাশনে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কথিত নৈরাজ্য, ভাঙচুর, সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা মৎস্যজীবী দল।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা মৎস্যজীবী দলের আয়োজনে বিক্ষোভ মিছিলটি চরফ্যাশন কলেজ রোড থেকে শুরু হয়। পরে মিছিলটি চরফ্যাশন বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আমজাদ হোসেন সোহাগ, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আব্বাস কাজী, পৌর মৎস্যজীবী দলের সভাপতি মোসলেউদ্দিন খান, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং নৈরাজ্য ও সহিংসতার মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানোর যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। গণতন্ত্র, শান্তি ও জননিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের সন্ত্রাস, ভাঙচুর কিংবা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকবে মৎস্যজীবী দল।
বক্তারা আরও বলেন, দেশের মানুষের শান্তিপূর্ণভাবে বসবাস ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি। এ জন্য সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি 


















