
সারাদেশে আওয়ামী লীগের অরাজকতা, ককটেল বিস্ফোরণ, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে জয়রামপুর স্টেশন এলাকা থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি জয়রামপুর বাজারসহ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেশন এলাকায় এসে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নানা স্লোগান দেন। মিছিল শেষে সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মালেক রুস্তম এবং হাউলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান।
হাউলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন— ৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, চুয়াডাঙ্গা জেলা জিয়া মঞ্চের সহ-সভাপতি সজল আক্তার (নুর সালাম), দামুড়হুদা উপজেলা জিয়া স্মৃতি সংসদের সভাপতি তরিকুল ইসলাম রানাসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা অরাজকতা, ককটেল বিস্ফোরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার যেকোনো ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের ভোটের অধিকার ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করে। দেশে কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা বরদাশত করা হবে না। এ সময় বক্তারা দলের প্রতিটি নেতাকর্মীকে যেকোনো অপতৎপরতা রুখতে সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকার নির্দেশ দেন এবং শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান।
উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে হাউলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডসহ আশপাশের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 


















