
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সুজি খাওয়ানোর সময় গলায় আটকে মোঃ আরিয়ান নামে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার মাজু গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু আরিয়ান মাজু গ্রামের চানু মাস্টার ও রাবেয়া খাতুন দম্পতির ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মা রাবেয়া খাতুন ছয় মাস বয়সী ছেলে আরিয়ানকে সুজি খাওয়াচ্ছিলেন। এ সময় হঠাৎ শিশুটির গলায় সুজি আটকে যায়। এতে তার চেহারা নীল হয়ে যায় এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।
পরে পরিবারের সদস্যরা শিশুটিকে দ্রুত চিকিৎসার জন্য কুষ্টিয়ার উদ্দেশে নিয়ে রওনা হন। তবে পথিমধ্যে তার মৃত্যু হয়।
এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্টাফ রিপোর্টার 



















