
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সরকারি ভাতা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে হালিমা নামে এক অসহায় বিধবার কাছ থেকে ১২ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। গত ১৮ নভেম্বর উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবুলপুর গ্রামে এ প্রতারণার ঘটনা ঘটে। ঘটনার দুই দিন পর ভুক্তভোগী হালিমা বুঝতে পারেন যে তিনি প্রতারণার ফাঁদে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর একটি মোটরসাইকেলে করে অজ্ঞাত দুই ব্যক্তি কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবুলপুর গ্রামে বিধবা হালিমার বাড়িতে যায়। এ সময় তারা নিজেদের উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী পরিচয় দেয়। কথাবার্তার একপর্যায়ে তারা হালিমাকে সরকারিভাবে ৭০ হাজার টাকা ভাতা করে দেওয়ার আশ্বাস দেয়। ভাতার কার্ড ও প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত প্রক্রিয়াকরণের কথা বলে তাঁর কাছ থেকে নগদ ১২ হাজার টাকা হাতিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, টাকা নেওয়ার পর দুই দিন অতিবাহিত হলেও ওই দুই ব্যক্তির আর কোনো খোঁজ পাওয়া যায়নি এবং ভাতার বিষয়েও কোনো অগ্রগতি দেখা যায়নি। পরবর্তীতে বিষয়টি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে কথা বললে দুই দিন পর হালিমা নিশ্চিত হন যে তিনি সংঘবদ্ধ প্রতারক চক্রের খপ্পরে পড়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিধবা হালিমা অত্যন্ত মানবেতর ও করুণ পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন। বসবাসের জন্য তাঁর নেই ভালো কোনো ঘর; জরাজীর্ণ ও ফুটো টিনের ছাউনির নিচে থাকেন তিনি, সামান্য বৃষ্টিতেই ঘরের ভেতরে পানি পড়ে ভিজে যায় সবকিছু। এর ওপর মা-হারা এতিম নাতনিকে নিয়ে ঠিকমতো দুবেলা দুমুঠো খাবারও জুটছে না তাঁর। এমন চরম দারিদ্র্য ও অসহায়ত্বের মাঝে কষ্টার্জিত শেষ সম্বলটুকু হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন হালিমা।
এ ঘটনায় সুবুলপুরসহ আশপাশের এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রতারক চক্রের সদস্যদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং অসহায় হালিমা ও তাঁর এতিম নাতনির জন্য জরুরি সরকারি সহায়তা নিশ্চিত করতে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে মানবেতর জীবনযাপন করা এই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের প্রতিও আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
নাঈম উদ্দীন, স্টাফ রিপোর্টার 


















