
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার।
সভায় পুলিশ সুপার উপস্থিত সব অফিসার ও ফোর্সের ব্যক্তিগত ও পেশাগত বিভিন্ন সমস্যা, চাহিদা এবং কল্যাণসংক্রান্ত বিষয় মনোযোগ দিয়ে শোনেন। পাশাপাশি পূর্ববর্তী কল্যাণ সভায় উত্থাপিত সমস্যাগুলোর অগ্রগতি ও সমাধানসহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সদস্যদের চাহিদার পরিপ্রেক্ষিতে বিভিন্ন থানা, ক্যাম্প ও ফাঁড়িতে ক্রোকারিজ সামগ্রী এবং প্রয়োজনীয় দাপ্তরিক ব্যবহার্য সামগ্রী বিতরণ করা হয়।
চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতার ও মামলার রহস্য উদঘাটন, মাদকদ্রব্য উদ্ধার, পেশাদারিত্ব এবং বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ ২৭ জন পুলিশ সদস্যকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার। এ ছাড়া অবসরজনিত বিদায় উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশের কনস্টেবল লিয়াকত আলীকে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা স্মৃতিস্মারক তুলে দেওয়া হয়।
বক্তব্যে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, ভালো কাজের স্বীকৃতিস্বরূপ যোগ্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়েছে। এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের কর্মস্পৃহা, মনোবল ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি ভবিষ্যতেও সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি থানা, ফাঁড়ি ও পুলিশ ক্যাম্পসহ জেলা পুলিশের সব ইউনিটের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ, নিয়মিত টহল বৃদ্ধি, ওয়ারেন্ট তামিল, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন। একই সঙ্গে সব ক্ষেত্রে পক্ষপাতিত্ব পরিহার করে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, জেলা পুলিশের সব থানার অফিসার ইনচার্জ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (প্রশাসন), আরআই, পুলিশ লাইন্স ও বিভিন্ন পুলিশ ক্যাম্পের ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।
নাঈম উদ্দীন, স্টাফ রিপোর্টার 


















