
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি:
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষি অফিসের উদ্যোগে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ১২টার সময় ভেড়ামারা কৃষি সম্প্রসারণ অফিস প্রশিক্ষণ হলরুমে সমাপনী সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত কৃষি প্রযুক্তির মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা সুলতানা।
অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ডা.গাজী আশিক বাহার।বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ রাজিব দাশ গুপ্ত। বক্তব্য রাখেন, বিশেষ অতিথি উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমদাদুল হক বিশ্বাস।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আশফাকুর রহমান। অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে পুরস্কৃত করেন প্রধান অতিথি ডা.গাজী আশিক বাহার উপজেলা সহকারী কমিশনার ভূমি ।
ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা সুলতানা বলেন, “মেলায় অংশগ্রহণকারী প্রত্যেকেই আমার দৃষ্টিতে বিজয়ী। তবে পুরস্কার বিতরণের ধারাবাহিকতা বজায় রাখতে কাউকে একটু বেশি গুরুত্ব দিতে হয়েছে। আপনারা সবাই বিজয়ী। শুধু মেলার মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না, কৃষিপণ্য প্রত্যেকের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে তবেই এ মেলার উদ্দেশ্য সার্থক হবে।”
প্রধান অতিধি উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ডা.গাজী আশিক বাহার বলেন, আধুনিক প্রযুক্তি বা যন্ত্রপাতি ব্যবহারের ফলে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এখন সবকিছুই যন্ত্রের মাধ্যমে হচ্ছে। চাষাবাদ, বীজ বপন, নিড়ানি, সার দেয়া, ফসল কাটা, মাড়াই, ঝাড়া ও প্যাকেটিং পর্যন্ত সবই হচ্ছে আধুনিক প্রযুক্তির সাহায্যে। তিনি আরও বলেন, কৃষির যান্ত্রিকীকরণের ফলে একদিকে যেমন উৎপাদনের পরিমাণ বাড়ছে, অন্যদিকে তেমনি উৎপাদন ব্যয় কমছে। একইসঙ্গে ফসলের অপচয়ও কমছে। তাই এই কৃষি প্রযুক্তি মেলার মাধ্যমে কৃষকদের কৃষি প্রযুক্তির ব্যবহারের আগ্রহ বাড়বে বলে মনে করেন তিনি।
অনুষ্ঠান শেষে মেলায় অংশগ্রহণকারী স্টল মালিকদের পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গত ২ ফেব্রুয়ারি এ মেলা শুরু হয়।
শান্ত হোসেন 















