স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। শুক্রবার (২৬ জুন) বিকেল ৩টায় কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাব কনফারেন্স রুমে স্থানীয় সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবী এ কথা বলেন।
মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকবৃন্দ কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) অঞ্চলের নানা জনদুর্ভোগ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বর্তমান চ্যালেঞ্জ এবং সংবাদকর্মীদের পেশাগত নিরাপত্তার বিষয়টি বিশদভাবে তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, “গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো গণমাধ্যম। সমাজের সঠিক চিত্র তুলে ধরতে এবং অবহেলিত মানুষের অধিকার রক্ষায় সাংবাদিকদের আরও সাহসী ভূমিকা পালন করতে হবে।” তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতের টেকসই উন্নয়নে স্থানীয় গণমাধ্যমকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান এবং যেকোনো পরিস্থিতিতে সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দেন।
সভায় ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধি ডা. আমিরুল ইসলাম মান্নান স্বাগত বক্তব্য দেন। সাংবাদিকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি রেজাউল করিম ও দৈনিক কালবেলার প্রতিনিধি বুলবুল আহমেদ। দৈনিক জনবাণী পত্রিকার প্রতিনিধি ওয়ালিউল ইসলাম ওলি অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন এবং চ্যানেল এস-এর উপজেলা করেসপন্ডেন্ট মনোয়ার হোসেন মারুফ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাজাহান আলী, ভেড়ামারা পৌরসভার সাবেক কাউন্সিলর খাইরুল আমিন, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান জুয়েল, সদস্য সচিব এস এম আল হুসাইন সোহাগ এবং পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান জিন্নাহ। অন্যানের মধ্যে বিএনপি নেতা শিহাবুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আকরাম বক্তব্য রাখেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন—উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সিজার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. রাজন আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম খোকনসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
শান্ত হোসেন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 


















