
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের চলমান মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করেছে।
গত ০৬ জানুয়ারি ২০২৬ তারিখ রাতে পরিচালিত এই অভিযানে মোট ৮৯ পিস ট্যাপেন্টাডল (Tapentadol) এবং ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) বাবলু খাঁন ও তাঁর চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ১৮:৪৫ ঘটিকায় আলমডাঙ্গা স্টেশনপাড়াস্থ ‘মনোয়ার মেডিকেল সার্ভিসেস’-এর সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন।
অভিযানে তল্লাশি চালিয়ে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন:

১. মোঃ রাসেল (২৫), পিতা- আব্দুল মজিদ (সাং- গোবিন্দপুর মন্ডলপাড়া)।
২. মোঃ কবির খান (২৫), পিতা- মোঃ ফিরোজ খান (সাং- ক্যানেলপাড়া)।
একই রাতে রাত ২৩:৩০ ঘটিকায় অপর একটি অভিযানে আলমডাঙ্গা থানার পাইকপাড়া পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ আব্দুল মতিন ও সঙ্গীয় ফোর্স কালিদাসপুর ইউনিয়নের পারকুলা (আস্তানাপাড়া) এলাকায় অভিযান চালান।
সেখানে জনৈক মোল্লা মোঃ জাহাঙ্গীর আলমের বাড়ির সামনের রাস্তা থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলেন:
মোঃ রফিকুল ইসলাম (৩৩), পিতা- মৃত আলী আকবার (সাং- পারকুলা আবাসন প্রকল্প)।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা আলমডাঙ্গা থানায় রুজু করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত চুয়াডাঙ্গা গড়তে এ ধরনের জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মোঃ নাঈম উদ্দীন 
















