
‘সেবার ব্রতে চাকরি’—এই প্রত্যয়ে স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্য নিয়ে চুয়াডাঙ্গা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার প্রথম দিনের মাঠপর্যায়ের কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ১৬ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কার্যক্রমে প্রার্থীদের শারীরিক মাপ ও প্রাথমিক কাগজপত্র অত্যন্ত সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে যাচাই-বাছাই করা হয়।
চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এই কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মেহেদী শাহরিয়ার। এছাড়া পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)-এর পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল, পিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ইন্সপেকশন-১) মোছাঃ শাহিনা আক্তার।
বোর্ডের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দের মধ্যে নড়াইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, কুষ্টিয়া ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন, চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাজিদ হাসান এবং বক্ষব্যাধি ক্লিনিকের মেডিকেল অফিসার ডাঃ ফাতিমা হকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন।
প্রার্থীদের উদ্দেশে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার স্পষ্ট ভাষায় বলেন, কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া হবে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত। কোনো ধরনের তদবির বা আর্থিক লেনদেন ছাড়াই শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থীরা নির্বাচিত হবেন। তিনি চাকরিপ্রত্যাশী ও তাদের অভিভাবকদের কোনো প্রকার প্রতারক বা দালাল চক্রের প্রলোভনে না পড়ার এবং সতর্ক থাকার কঠোর নির্দেশ দেন।
প্রাথমিক শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা আগামী ১৭ ও ১৮ নভেম্বর ২০২৬ তারিখে পরবর্তী ধাপের Physical Endurance Test (PET)-এ অংশগ্রহণ করবেন।
প্রতিনিধির নাম 


















