
লালমনিরহাটে আমন মৌসুমে সারের সংকট ও ডিলারদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে রংপুর-লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকেরা। এ সময় বিক্ষুব্ধ কৃষকেরা এক ডিলার ও কৃষি বিভাগের কয়েকজন মাঠকর্মীকে ধাওয়া করে একটি পেট্রোল পাম্পে অবরুদ্ধ করে রাখেন।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট সদর উপজেলার বাংলাদেশ এগ্রিকালচার অ্যান্ড ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বাফা) গুদামের সামনে জাতীয় মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে কৃষকেরা অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা ধরে চলা অবরোধে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে দুর্ভোগের সৃষ্টি হয়।
স্থানীয় কৃষক ও প্রত্যক্ষদর্শীরা জানান, আমন ধানের জমিতে সার প্রয়োগের উপযুক্ত সময় হলেও বেশ কিছুদিন ধরে তারা চাহিদামতো ও ন্যায্যমূল্যে সার পাচ্ছিলেন না। রোববার সার না পেয়ে ক্ষুব্ধ কৃষকেরা মহাসড়ক অবরোধ করে ডিলার ও সার সিন্ডিকেটের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
একপর্যায়ে বিক্ষুব্ধ কৃষকেরা দায়িত্বে থাকা কৃষি বিভাগের কয়েকজন মাঠকর্মী ও এক ডিলারকে ধাওয়া করেন। পরে তারা স্থানীয় একটি পেট্রোল পাম্পে আশ্রয় নিলে কৃষকেরা সেখানে তাদের অবরুদ্ধ করে রাখেন।
আন্দোলনরত কৃষকদের অভিযোগ, ডিলাররা সিন্ডিকেট করে কৃত্রিম সার সংকট তৈরি করেছেন। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে। কার্ডধারী প্রকৃত কৃষকেরা সময়মতো সার না পেলেও কালোবাজারে বেশি দামে সার বিক্রির অভিযোগ রয়েছে।
খবর পেয়ে লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তারা বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ শোনেন।
পরে প্রশাসনের পক্ষ থেকে নিয়মতান্ত্রিকভাবে ডিলারের মাধ্যমে কৃষকদের মধ্যে সার বিতরণের ব্যবস্থা করা হলে পরিস্থিতি শান্ত হয়। কৃষকেরা অবরোধ তুলে নিলে সকাল ১১টার দিকে জাতীয় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান বলেন, জেলায় সারের কোনো ঘাটতি নেই; পর্যাপ্ত সার মজুদ রয়েছে। তবে বিতরণ ব্যবস্থার কিছু ত্রুটি ও অব্যবস্থাপনার কারণে সাময়িকভাবে এ সমস্যার সৃষ্টি হয়েছিল। কৃষকদের দাবি অনুযায়ী তাৎক্ষণিকভাবে সুষ্ঠু ব্যবস্থাপনায় সার বিতরণ শুরু করা হয়েছে। কোনো অনিয়ম বা সিন্ডিকেটের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত সার পাওয়ার আশ্বাসে স্বস্তি প্রকাশ করেছেন আন্দোলনরত কৃষকেরা।
মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি 

















