
গাইবান্ধার পলাশবাড়ীতে জনতা ব্যাংক পিএলসি-এর পলাশবাড়ী শাখার নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৩ মে) সকাল ১০টায় মহাসড়কের পূর্ব পাশে মোল্লা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় নতুন ভবনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। প্রতিদিনের লেনদেনের পাশাপাশি আধুনিক ও দ্রুত ব্যাংকিং সেবা নিশ্চিত করতেই নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে শাখাটি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর গাইবান্ধা এরিয়া অফিসের উপমহাব্যবস্থাপক আলফার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আব্দুল বারেক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপমহাব্যবস্থাপক মো. মনির হোসেন।
এসময় আরও বক্তব্য দেন গাইবান্ধা এরিয়া অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. সাইফুল ইসলাম, নতুন ভবনের মালিক আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লা ও পুরাতন ভবনের মালিক আবু তালেব সরকার।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পলাশবাড়ী শাখার ব্যবস্থাপক আব্দুর রহিম সাদেকী এবং সঞ্চালনা করেন সিনিয়র অফিসার মো. আব্দুর রাজ্জাক সরকার।
পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন পলাশবাড়ীর হারুন সুপার মার্কেটের পেশ ইমাম মাওলানা মো. মশিউর রহমান এবং গীতা পাঠ করেন শাখার সিনিয়র অফিসার গোপাল চন্দ্র পাল।
অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নতুন ঠিকানায় ব্যাংকিং সেবা গ্রহণের জন্য গ্রাহকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
মাসুদ রানা, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি 












