
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে চাঁদপুরে যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চাঁদপুর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত স্মৃতিসৌধ ‘অঙ্গীকার পাদদেশ’-এ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরই অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর-এর পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় অধিদপ্তরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং গভীর শ্রদ্ধায় তাদের স্মৃতির প্রতি সম্মান জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত কর্মকর্তারা দেশের সার্বিক উন্নয়ন, শান্তি ও শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, মহান স্বাধীনতা অর্জনের পেছনে শহীদদের যে ত্যাগ ও আত্মবলিদান রয়েছে, তা আমাদের জন্য চিরন্তন প্রেরণার উৎস। সেই প্রেরণা থেকেই দেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
বক্তারা আরও বলেন, একটি সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা অত্যন্ত জরুরি। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত সবাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মাদকমুক্ত, সুশৃঙ্খল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। মহান স্বাধীনতা দিবসের এই তাৎপর্যপূর্ণ দিনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তারা দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখার সংকল্প গ্রহণ করেন।
জাবেদ হোসেন 






















