
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা।
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার গয়েশপুর গ্রামের উত্তরপাড়ার মাঠের ভেতর থেকে মালিকবিহীন অবস্থায় এই মাদকের চালানটি জব্দ করা হয়।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে অভিযানের এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ গয়েশপুর বিওপির (Border Outpost) একটি টহল দল শুক্রবার মাঠে নামে।
হাবিলদার মনির হোসেনের নেতৃত্বে বিজিবির দলটি সকাল সাড়ে ১২টার দিকে সীমান্ত পিলার ৬৮/৫-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের উত্তরপাড়ার মাঠে অবস্থান নেয়।
অভিযান চলাকালীন বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ থেকে ২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হন। অভিযানে কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান রোধ এবং মাদক নির্মূলে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
উদ্ধারকৃত ফেনসিডিলগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
জননিরাপত্তা রক্ষায় সীমান্তে বিজিবির এ ধরনের নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মোঃ নাঈম উদ্দীন 
















