
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের শারীরিক প্রতিবন্ধী বাছির গাজীর চলার কষ্ট কিছুটা লাঘোব করতে তাঁর হাতে নতুন হুইলচেয়ার তুলে দিয়েছে যশোরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘চৌগাছা পরিবার’। শুক্রবার (১৪ই নভেম্বর) বিকেলে সংগঠনের সদস্যরা চৌগাছা থেকে কোটচাঁদপুরের এলাঙ্গী গ্রামে বাছির গাজীর বাড়িতে গিয়ে তাঁর হাতে হুইলচেয়ারটি তুলে দেন। জানা যায়, প্রায় ২৩ বছর আগে বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন বাছির গাজী। ওই দুর্ঘটনায় তিনি স্বাভাবিকভাবে চলাফেরার সক্ষমতা হারান। দীর্ঘদিন ধরে পুরোনো ও ভাঙা হুইলচেয়ারে চলাচল করায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছিল তাঁকে। বাছির গাজীর দেখভালের দায়িত্ব পালন করেন তাঁর বয়োবৃদ্ধ মা। চলাফেরায় অক্ষম হওয়ায় গোসল করানোসহ দৈনন্দিন নানা কাজে তাঁকে মায়ের ওপর নির্ভর করতে হয়। নিজের সামান্য প্রয়োজন মেটাতে সপ্তাহে দুই দিন স্থানীয় একটি মাছের দোকানে হিসাব রাখার কাজ করেন তিনি। এর বিনিময়ে পাওয়া সামান্য মাছ, হাতখরচ এবং প্রতিবেশীদের সহযোগিতায় কোনো রকমে চলে তাঁর জীবন। সম্প্রতি বাছির গাজীর কষ্টের বিষয়টি জানতে পেরে তাঁর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় ‘চৌগাছা পরিবার’। সংগঠনের সভাপতি মোঃ বখতিয়ার হোসেনের আহ্বানে দেশ ও প্রবাসে অবস্থানরত দাতা সদস্যদের সহযোগিতায় সংগ্রহ করা হয় নতুন হুইলচেয়ারটি। এ উদ্যোগে প্রবাস থেকে আর্থিক সহায়তা দেন মোঃ সাজিদুল ইসলাম, মোঃ ফিরোজ হোসেন ও মোঃ মিজানুর রহমান। নতুন হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বাছির গাজী ও তাঁর পরিবারের সদস্যরা। তাঁরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, নতুন এই হুইলচেয়ার তাঁর দৈনন্দিন চলাফেরার কষ্ট অনেকটাই কমিয়ে দেবে। হুইলচেয়ার প্রদানকালে উপস্থিত ছিলেন মোঃ আছির উদ্দিন, মোঃ মনিরুল ইসলাম, দীপ্ত বিশ্বাস, মোঃ রনি চৌধুরী, মোঃ কায়েম হোসেন, মোঃ আকিমুল ইসলাম, অরিত্র সরকার, মোঃ রাহুল হোসেন, স্থানীয় বাসিন্দা সাকিব আহমেদ সোহাগ ও নাহিদ হাসান বাঁধনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবীরা। ‘বিপন্ন মানবতায় প্রবাসীর জয়’ স্লোগানকে সামনে রেখে ‘চৌগাছা পরিবার’ অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে নিয়মিত মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 


















