
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় ভেড়ামারা দক্ষিণ রেলগেট এলাকায় আয়োজিত এ সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যাপক শহীদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোসাম্মৎ ফরিদা ইয়াসমিন।
প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সেনা কর্মকর্তা ও বিএনপি নেতা কর্নেল (অব.) মোহাম্মদ শামসুজ্জামান খান এবং ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ।
ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম ডাবলু ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জানবার হোসেন যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোসাম্মৎ ফরিদা ইয়াসমিন ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা এবং দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে ভেড়ামারা ও মিরপুরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যকার ভেদাভেদ ভুলে জনগণের কাছে দলের রাজনৈতিক বক্তব্য ও কর্মসূচি পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং নিজের রাজনৈতিক জীবনের বিভিন্ন আন্দোলন-সংগ্রামের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, দলের সংকটকালেও নেতাকর্মীরা রাজপথে ছিলেন এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ঐক্য ধরে রাখতে কাজ করেছেন। সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতিকে তিনি দলের সাংগঠনিক শক্তির প্রকাশ হিসেবে উল্লেখ করেন।
সমাবেশে অন্যান্য বক্তারাও নেতাকর্মীদের সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় সাংগঠনিক প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।
শান্ত হোসেন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

















