
দীর্ঘ দুই যুগের স্মৃতি, সহকর্মীদের সঙ্গে কাটানো অসংখ্য মুহূর্ত এবং অটুট বন্ধুত্বের বন্ধনকে নতুন করে প্রাণবন্ত করতে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পুলিশ ২০০২ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী অনুষ্ঠান। “স্মৃতির টানে, বন্ধুত্বের ডাকে—বাংলাদেশ পুলিশ ২০০২ ব্যাচ আবার একসাথে” স্লোগানকে সামনে রেখে ২০তম ব্যাচের দুই যুগ পূর্তি-২০২৬ উপলক্ষে এ মিলনমেলার আয়োজন করা হয়।
গত ১০ মে রোববার রাত ৯টায় চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় অবস্থিত জনপ্রিয় “বাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড চাইনিজ”-এর দ্বিতীয় তলায় চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশ পুলিশ বাহিনীর ২০০২ ব্যাচের বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর সহকর্মীদের একসঙ্গে পেয়ে আনন্দ, উচ্ছ্বাস ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা হয়। পরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে বক্তারা চাকরি জীবনের নানা স্মৃতিচারণ করেন এবং বাংলাদেশ পুলিশ বাহিনীতে দায়িত্ব পালনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন।
বক্তারা বলেন, পুলিশ বাহিনীতে কর্মরত অবস্থায় একসঙ্গে কাটানো সময়গুলো শুধু পেশাগত নয়, ব্যক্তিগত জীবনেও গভীর সম্পর্ক তৈরি করেছে। চাকরির ব্যস্ততা ও সময়ের ব্যবধানে অনেকের সঙ্গে যোগাযোগ কমে গেলেও এ ধরনের পুনর্মিলনী অনুষ্ঠান সেই বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, বাংলাদেশ পুলিশ দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানবিক সেবার মাধ্যমে দেশ ও জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ২০০২ ব্যাচের সদস্যরাও সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে বাহিনীর মর্যাদা অক্ষুণ্ন রাখতে কাজ করেছেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সদস্যদের মাঝে স্মারক হিসেবে টি-শার্ট ও মগ বিতরণ করা হয়। পরে আনন্দঘন পরিবেশে কেক কাটা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত সদস্যরা করতালি ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে দুই যুগের বন্ধুত্ব ও সহযাত্রাকে উদযাপন করেন। একপর্যায়ে দেশ, জাতি ও পুলিশ বাহিনীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সবশেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ডিনারের সময় সদস্যরা একে অপরের সঙ্গে কুশল বিনিময়, স্মৃতিচারণ ও ছবি তোলায় ব্যস্ত সময় পার করেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধ ও আনন্দঘন পরিবেশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআই (নিঃ) মো. খাইরুল ইসলাম, এএসআই (নিঃ) মোহাম্মদ নিজাম উদ্দিন, এএসআই (নিঃ) ফারুক হোসেন, এএসআই (নিঃ) মো. দেলোয়ার হোসেন, এএসআই (নিঃ) মো. মোশারফ হোসেন, এএসআই (সঃ) মো. জাহাঙ্গীর আলম, কনস্টেবল দীপক, কনস্টেবল শাহাদাত হোসেন, কনস্টেবল সাইদুল ইসলাম ও কনস্টেবল দাউদসহ বাংলাদেশ পুলিশ ২০০২ ব্যাচের আরও অনেক সদস্য।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের পুনর্মিলনী আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন এবং পারস্পরিক যোগাযোগ ও বন্ধন অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
জাবেদ হোসেন, চাঁদপুর প্রতিনিধি 



















